মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি

মাদক মামলায় দেশের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দাখিল করা চার্জশিটে পরীমনি ছাড়াও আসামি করা হয়েছে আশরাফুল ইসলাম দীপুও কবির চৌধুরীকে।

সোমবার (০৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইনস্পেকটর কাজী মোস্তফা কামাল।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর পরিমনীকে তার গাড়ি, আইফোন ও ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরতের নির্দেশ দেন আদালত।

জনা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনীকে আটক করে র‍্যাব। রাত ৮টা ১০ মিনিটে তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বিকাল ৫টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় বনানী থানায়। এসময় তার সাথে পরিচালক রাজসহ দুই সহযোগীকেও নেওয়া হয়।

র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদেরকে আদালতে হাজির করলে প্রথম ৪ দিন ও পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এরপর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করলে পরদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে মাদক সেবন করেন পরীমনি। ভয়ানক মাদক এলএসডি ও আইসও তিনি সেবন করতেন। মাদকের জন্য তার বাসায় একটি মিনিবারও স্থাপন করেন। সেখানে চলতো মদের পার্টি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর