জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) পক্ষ থেকে পাওয়া ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সংবাদ সম্মেলন পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, সফরের প্রথম দিনে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) পক্ষ থেকে ২০১৫-২০২০ সময়কালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সর্বোচ্চ সাফল্যের জন্য আমাকে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এসডিএসএন-এর প্রেসিডেন্ট অর্থনীতিবিদ প্রফেসর জেফ্রি স্যাক্স আমার হাতে এই সম্মাননা তুলে দেন।
তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই বিশ্ব স্বীকৃতি। আমি আমার ধন্যবাদজ্ঞাপন বক্তব্যে এই পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করছি।
বার্তা বাজার/নব