বাউফলে মাদ্রাসা ছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনে শিশু ছাত্র মো. আরাফাত হোসেন (৮) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে নিহত আরাফাতের পরিবার পুলিশের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেন।

সোমবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারে বাউফল-লোহালিয়া সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দেড় হাজার এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নিহত আরাফতের মামা মো. শামিম বলেন,‘ আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর আল ইয়াসির শিশু সনদ হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. জিকিরউল্লাহ গত ২২ আগস্ট আমর ভাগিনা আরাফাতকে মারধর করে গুরতর আহত করেন। এতে তার মাথার হাড়ভেঙে যায়। অধ্যক্ষ বিষয়টি আমাদের না জানিয়ে গোপন রাখে। একদিন পরে আমারা জানতে পারলে আরাফাতকে প্রথমে বরিশাল পরে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে যায়। ২৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরাফাত মৃত্যু বরণ করেন।

এঘটনায় বাউফল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ২৯ আগস্ট আদালতের নির্দেশে মামলা নিতে বাধ্য হয় পুলিশ। ওসিকে শোকাজও করেন আদালত।

তিনি আরও বলেন,‘ মামলার আসামী জিকিরউল্লাহ ও তার ভাই কাওসার প্রকাশ্য ঘোরাফেরা করেন। তবুও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না। প্রথম থেকেই পুলিশ আসামীদের পক্ষপাতিত্ব করছেন।

নিহত আরাফাতের বাবা হাসান প্যাদা বলেন,‘ আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। আসামীরা আমাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আসামীদের গ্রেফতার করার দাবি করছি।

এবিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন,‘ মামলার তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হান্নান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর