পল্টন থানায় প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুরের দিকে রিপন মিয়াকে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কিউকমের সিইও মো. রিপন মিয়াকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ বিষয়ে সোমবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে।
তিনি আরও বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে আছে।
বার্তা বাজার/নব