ভারত থেকে চোরাপথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ড কুরিয়ার যোগে বিভিন্ন স্থানে পাঠানোর সময় হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে সোমবার (৪ অক্টোবর) সকালে এসব সিমকার্ড আটক করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাসুদ রানা(২৫) নামের এক যুবককে। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটা গ্রামের মাজেদ সরদারের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দিয়ে বলেন, এইসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এমনকি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা।
তিনি বলেন, এদের একজনকে আমরা ৩১৮টি সিম সহ হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছি। এ ব্যাপারে মামলা হয়েছে সাতক্ষীরা সদর থানায়।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/অমি