ঢাকার সাভার থেকে মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালক গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।
নিখোঁজ মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা মার সাথে সাভারের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।
এব্যাপারে মাসুদ শেখের ভাই মজনু শেখ জানান, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করেন। সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে যাওয়ার কথা ছিল মাসুদের। ওই দিন বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে গেলে আজও ফিরে আসেননি।
বাড়ি থেকে বের হওয়ার দুই থেকে ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গতকাল সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন মজনু।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন বলেন, গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। এর পর থেকেই মাসুদের সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মাসুদকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি