‘ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে বাধা নেই’
ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি, বিদেশি যেসব চ্যানেল ক্লিনফিড দিচ্ছে, গতকাল ১৭টি চ্যানেলের কথা বলেছিলাম। আসলে ১৭টি নয়, ২৪টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিড দেয়। সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই।
আকাশ ডিটিএইচ এসব চ্যানেল সম্প্রচার করছে উল্লেখ করে তিনি বলেন, অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো চিঠির প্রয়োজন হলে আমরা তা ক্যাবল অপারেটরদের কাছে পাঠাব। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।
বাংলাদেশের আকাশ উন্মুক্ত, সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করতে বলা হয়নি বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
বার্তা বাজার/অমি