চিকিৎসায় নোবেল পেলেন ডেভিড ও আরডেম
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তারা।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।
গত বছর হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন।
চলতি বছরে চিকিৎসায় নোবেল পেলেন ডেভিড ও আর্ডেম। নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।
প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনভিত্তিক নোবেল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে থাকেন। ৪ অক্টোবর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যুর আগে ৩ কোটি ১০ লাখ ক্রোনার (আজকের বাজারে ১৮০ কোটি ক্রোনার) রেখে গিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই অর্থ থেকে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এই ৫ বিষয়ে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে ১৯৬৮ সালে এ তালিকায় অর্থনীতিকে যুক্ত করা হয়।
বার্তা বাজার/নব