টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না: কাদের
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম কেন্দ্রে পাঠানোর জন্য তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষের নাম পাঠান। টাকা খেয়ে কোনো খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। এ ধরণের অপকর্ম থেকে বিরত থাকতে হবে।
সোমবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়।
এসময় ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ভালো মানুষকে সঙ্গে রাখতে হবে। খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষদের দলে টানুন।
৭৫ এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিলো তার রেশ এখনও রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ৭৫’র হত্যাকাণ্ডে কারা জড়িত ছিলো? কে নেপথ্যে ছিলো? সেই ইতিহাস সবাই জানে, যা কখনো ভুলে যাওয়ার নয়।
মন্ত্রী বলেন, জিয়া যেমন ৭৫’র হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টারমাইন্ড। আজও আমরা প্রতিহিংসার বৃত্ত থেকে বের হতে পারি নাই।
৭৫ ও ২১ আগস্টের ঘটনা পারস্পরিক সম্পর্কের দেয়াল আরও উঁচুতে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। আর বিএনপি এখনও তা অব্যাহত রেখেছে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের যে কর্মসম্পর্ক তা নষ্ট করে দিয়েছে বিএনপি। একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটা কি প্রতিহিংসা নয়?
আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে একজন সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে তিনি বলেন, একজন নির্লোভ নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন। হাসিবুর রহমান স্বপনের আত্মার শান্তি কামনা করেন ও তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।
শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এবং সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, ডাক্তার আবদুল আজিজ, তানভীর ইমাম, আবদুল মমিন মণ্ডল ও শাহজাদপুর আওয়ামী লীগের নেতারা।
বার্তা বাজার/নব