হঠাৎ করেই প্যানডোরা পেপার্স অনেক রথি-মহারথি, তারকাদের গোপন আর্থিক লেনদেনের খবর ফাঁস করে দিচ্ছে। এই গবেষণা নথি অবৈধ সম্পদের অধিকারী এমন অনেকের নাম প্রকাশ করেছে।
অবৈধ সম্পদের অধিকারীদের মধ্যে রয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার, মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার, তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার এবং শচীনের শশুর আনন্দ মেহতার নাম।
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা (আইসিআইজে) ‘প্যানডোরা পেপার্স’ নামের গোপন এই নথি প্রকাশ করেছে। নথিতে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত ব্যক্তিদের পরিচয় গোপন করে বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য। এছাড়াও গোপন পরিচয়ে ব্যাংক অ্যাকাউন্ট, উড়োজাহাজ, প্রমোদতরীর তথ্যও উঠে এসেছে অই নথিপত্রে।
নথিতে বলা হয়েছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি সংস্থায় শচীন, অঞ্জলি ও তার শ্বশুর বিনিয়োগ করেছিলেন। তারা মোট ২৮টি শেয়ার কিনেছিলেন। সংস্থায় ৯টি শেয়ার রয়েছে শচীনের। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি রুপি। অঞ্জলি টেন্ডুলকারের রয়েছে ১৪টি শেয়ার। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি রুপি। আর আনন্দ মেহতার শেয়ার ৫টি। তার শেয়ারের মূল্য প্রায় ৪ কোটি রুপি।
প্যানডোরা পেপার্সে সর্বকালের অন্যতম সেরা এই তারকার নাম থাকায় অবাক হয়েছেন তার আইনজীবী। তিনি বলেছেন, শচীনের বিদেশে যেসব বিনিয়োগ রয়েছে সেগুলো বৈধ এবং আয়কর বিভাগের কাছে সব তথ্য রয়েছে।
এই অনুসন্ধানে আইসিআইজে’র প্রায় সাড়ে ছয় শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। শচীন ছাড়াও বিতর্কিত প্যানডোরা পেপার্সে রয়েছে পপ তারকা শাকিরা, ইতালিয়ান কুখ্যাত মাফিয়া রাফায়েল আমাতো, জর্ডানের রাজা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজের নাম।
বার্তা বাজার/নব