কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে দেশে। পৃথক তিন চালানে আজ ও আগামীকাল এসব টিকা আসবে।
সোমবার (৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকার প্রথম চালানটি আজ রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১২টায় দ্বিতীয় চালানে আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা। একইদিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।
সব মিলিয়ে আজ ও আগামীকাল তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌছাবে। বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় গত ৩১ মে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং ১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে আসে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর আসে ফাইজারের আরও ২৫ লাখ টিকা। এ নিয়ে দেশে ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা এসেছে।
বার্তা বাজার/নব