র‍্যাবের অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব-১ এর একটি দল। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোররাতে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে এদেরকে আটক করে বিকেলে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‍্যাবসূত্রে জানা যায়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মকবুল হোসেনের ছেলে মোঃ কাঞ্চন হোসেন (২৮), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আনোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে কালো হোসেন (২৪), গাজীপুর কালিয়াকৈর থানার হিজলতলীর আক্কাস মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৬), বরিশাল জেলার গৌরনদী থানার লিটন সরদারের ছেলে শাহাদাত সরদার(৩০) এবং তার স্ত্রী চাঁদনী আক্তার নদী (২৫)।

র‍্যাব-১ (সিপিসি-২) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, আটককৃতরা মলম পার্টির সক্রিয় একটি চক্র। এরা মূলত নবীনগর-চন্দ্রা মহাসড়কটিতে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছে। সুযোগ পেলে এর বাইরে অন্য এলাকাতেও এরা মানুষের সর্বস্ব লুটে নিত। এই চক্রের মূল হোতা চাঁদনী আক্তার নদী ও তার স্বামী শাহাদাত সরদার। তাদের অধীনে কয়েকটি দলে বিভক্ত হয়ে মলম পার্টির সদস্যরা সক্রিয় রয়েছে। ওই দলের সদস্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর