মানুষের ভালোর জন্য নৌকায় ভোট দিতে আ’লীগ নেতার নিষেধ!

ঢাকার ধামরাইয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে সাধারণ মানুষদেরকে নিষেধ করলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম। পাশাপাশি নৌকার প্রতিপক্ষের লোকদের ভোট দিয়ে পাশ করাতে অনুরোধ জানান তিনি।

রোববার (০৩ অক্টোবর) বিকাল ৫টায় বালিয়া ইউনিয়নের পশ্চিম সুত্রাপুর গ্রামের আহাম্মদ আলীর বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আব্দুল আলীম বলেন, দুই মেয়াদে নির্বাচিত বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার চারদিকে সন্ত্রাসী লোকজন। পুরো ইউনিয়নের মানুষ তার কাছে নির্যাতিত ও নানাভাবে হয়রানির শিকার।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি সুমনকে দল থেকে বহিষ্কার করি। আহমদ চেয়ারম্যান তাকে দলে রাখার জন্য চরম বিরোধিতা করেও বহিষ্কার থামাতে পারেনি। সে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ফের আব্দুল গণি সুমনরাই তার আশপাশে ঘিরে থাকবে। আবার জুলুম নির্যাতনের শিকার হবে ইউনিয়নবাসী। তাই দল থেকে যদি তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয় তাহলে আমিতো নৌকা প্রতীকে আমার ভোট দেবই না, আপনারাও তার বিপক্ষের প্রার্থীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করবেন।

ভোটের কারচুপির কথা স্বীকার করে তিনি বলেন, বিগত দিনের নির্বাচনে আমরাই আপনাদের ভোট দিতে দেইনি। তাই আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোট দিতে পারেননি। এবার আমরাই আপনাদের ভোটের গ্যারান্টি দিচ্ছি। আপনারা কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে নিজের ভোট নিজেই দেবেন। শুধু দেবেন না নৌকা মার্কার প্রার্থীকে। ইউনিয়নবাসীকে বাঁচাতে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে। না হলে ওই চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর অত্যাচার ও জুলুম-নির্যাতন থেকে আমরা কেউ বাঁচব না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর