চট্টগ্রামে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধা বাস্তবায়নে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানে চট্টগ্রাম কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গণি বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করার কথা জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তিনি আরো জানান, একই অভিযানে নগরীর আন্দরকিল্লা সংযুক্ত সাব এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারের বিরুদ্ধে মামলা রুজু সহ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন সিএমপি’র সদস্য সহ চসিকের দায়িত্ববান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি