ঝালকাঠির কাঁঠালিয়ায় ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। শনিবার (০২ অক্টোবর) বিকালে উপজেলার ছোট কৈখালী গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকাদার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুজ্জামান। তাদেরকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার দিন রাতেই দুই নারীসহ ৩ জনকে আটক করেছে। তারা হলেন, ছোট কৈখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার, তার ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগম।
জানা যায়, হত ১৫ সেপ্টেম্বর রাজাপুরের গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে মো. ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অলংকার ও নগদ টাকা লুট করার পাশাপাশি নিয়ে যায় বাড়িতে পোষা ময়না পাখিটিও। এ ঘটনায় পরদিন (১৬ সেপ্টেম্বর) অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাঁঠালিয়ার ছোট কৈখালী গ্রামের আবুল কালামের নাম। বিষয়টি আরও ভালোভাবে তদন্তের জন্য সাদা পোশাকে শনিবার আবুল কালামের বাড়িতে যায় রাজাপুর থানার ওই দুই কর্মকর্তা। তখন বাড়ির ও তাদের প্রতিবেশি অর্ধ শতাধিক লোক তাদের ওপর হামলা চালায়।
পরে খবর পেয়ে বিকালে রাজাপুর ও কাঁঠালিয়া থানার পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে। এ সময় অভিযুক্ত আবুল কালামসহ তিনজনকে আটক করা হয়।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মকর্তাদের চিকিৎসা চলছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এএসআই নুরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে আটক করা হয়েছে।
বার্তা বাজার/এসজে