ফরিদপুরের সদরপুরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল শেখ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ ওই গ্রামের ছন্দু শেখের ছেলে। এ ঘটনায় ছন্দু শেখ (৫০) ও তার স্ত্রী আফরোজা বেগম (৪০) আহত হয়েছেন। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, একই গ্রামে ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের ধান ক্ষেতে গিয়ে ধান ক্ষতি করে। উক্ত ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পরিবারের মাঝে কয়েকদিন যাবৎ কথাকাটা ও ঝগড়া হয়। গত শনিবার সন্ধায় দু’পরিবারের মাঝে পুণরায় কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হাসেম খানের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছন্দু শেখের পরিবারের ওপর হামলা করলে অস্ত্রের আঘাতে ঘটনা স্থলে রাসের শেখ গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, ‘মারামারির ঘটনায় নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি