রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ের তারিখ ঘোষণা

রাজধানীর বনানীতে হোটেল রেইন্ট্রির কক্ষে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনের দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। একইসাথে ওই ৫ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এই দিন ধার্য করেন। এর আগে ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সাফাতসহ বাকিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার কামনা করেন আদালতের কাছে।

মামলায় অপর আসামিরা হলেন, সাফাত আহমেদের তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। আসামিরা সবাই জামিনে ছিলেন।

জানা যায়, গত ২২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য আদালতে গ্রহণ করা হয়। ২০১৭ সালের জুন মাসে মামলার পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

চার্জশিটে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়। ২০১৮ সালের ১৩ জুলাই একই আদালত আসামিদের নামে অভিযোগ গঠন করেন। একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

এদিকে সাফাতের বন্ধু সাদমান সাকিফ, বডিগার্ড রহমত আলী ও ড্রাইভার বিল্লাল হোসেনের নামে ওই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগীতার অভিযোগ আনা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর