রায়পুরা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদীর রায়পুরা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪২ দোকান ও মালামাল রাখার গুদাম আগুনে পুরে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। নরসিংদী ও রায়পুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, আগুনে দুটি মুরগির দোকান, একটি পাইকারি মুদি দোকান, হোমিও প্যাথিক ফার্মেসি, লেপ-তোষকের দোকান ও ৩৭টি মালামালের গুদাম পুড়ে যায়। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় দশ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে জানাতে পারেননি তাঁরা।

একজন পান বিক্রেতা জানান, দুপুরে হঠাৎ আগুন দেখতে পান। মুহুর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের মালামাল রাখার গুদাম ও দোকানে। ওই সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকানসহ গুদামের মালামাল কেউ সরাতে পারেননি। এ সময় আগুন লাগার আশঙ্কায় অনেক দোকানি তাদের মালামাল সরিয়ে নেয় বলে জানান তিনি।

বাজারের ব‍্যবসায়ী স্বপন পাল জানান, বাজারে সবচেয়ে বড় পাইকারি মুদি দোকানটি ছিল তার। আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থ মিলিয়ে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করতে আসেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা, মো : আজগর হোসেন, সহকারি কমিশনার (ভূমি), সাজ্জাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত‍্যজিত কুমার ঘোষ, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো : আজিজুর রহমান ও পিআইও ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন।

নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে কিনা তা জানতে বিদ্যুৎ বিভাগের লোক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, রাস্তায় যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে কিছুটা বিলম্ব হয়। আগুনে সব মিলিয়ে ৪২টি দোকান ও মালামালের গুদাম পুড়ে যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের করা কথা জানান তিনি।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর