আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন!

আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রোববার (৩ অক্টোবর) দুপুরে আশুলিয়া স্কুল ও কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক আলমগীর মাদবর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির মাদবর, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল মুন্সী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর সুনামের সাথে এই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে চলেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তাঁর সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

এর ধারাবাহিকতায় সম্প্রতি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার এবং হেফাজত নেতা মাসউদ মোস্তফার সাথে কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হেফাজত নেতার সাথে ষড়যন্ত্র করে আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে হেয় প্রতিপন্ন করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন আমজাদ হোসেন সরকার। এছাড়া, ওই অডিও রেকর্ডে শোনা যায়, শাহাব উদ্দিন মাদবরকে ‘ফেলে’ দেবার জন্য হেফাজত নেতাকে জানান আমজাদ হোসেন সরকার।

এসময় বক্তারা এই জঘন্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আমজাদ হোসেন সরকার এর বহিস্কার দাবী করেন। পাশাপাশি শাহাব উদ্দিন মাদবর এর প্রাণনাশের ষড়যন্ত্র করার জন্য অবিলম্বে তাকে গ্রেফতারেরও দাবী জানান তারা।

তবে মুঠোফোনে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার জানান, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে, এসবের কিছুর সাথে তিনি সম্পৃক্ত নন। সামনে ইউপি নির্বাচন, এজন্য তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে সামনে রেখেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।

মুঠোফোনে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর জানান, আসন্ন ইউনিয়ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ফেলা হচ্ছে। এখন নিজেদের দলীয় লোক যদি বিরোধী দলের সাথে মিলে ষড়যন্ত্র করে, তাহলে এটা কেবল আমার সাথে নয়, এটা দলের সাথেই বেঈমানী করার শামিল। সুতরাং এদের থেকে সাবধান হওয়াটা জরুরী। আমি আমার কথা চিন্তা করিনা, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, হেফাজত নেতা মাসউদ মোস্তফার সাথে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার এর ফোন কলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত শুক্রবার (১ অক্টোবর) ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে।

আল মামুন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর