অক্টোবর-নভেম্বরের মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে ফাইজার-বায়োএনটেকের আরও ৭১ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাবে বাংলাদেশ।
রোববার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এসএম আলমগীর।
তিনি বলেন, অক্টোবর-নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের উপহারের ৭১ লাখ ডোজ ফাইজারের টিকা আমরা পাব। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার আমাদের জন্য আরও ১৮ লাখ টিকা বরাদ্দ করেছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের প্রথম লক্ষ্য ১৩ কোটি ৮৬ লাখ মানুষকে টিকা দেওয়া। আমরা ডিসেম্বরের মধ্যে যে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে চাই এর মধ্যে ৫০ শতাংশ মানুষের জন্য টিকা আমাদের হাতে আছে।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় গত ৩১ মে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং ১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে আসে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর আসে ফাইজারের আরও ২৫ লাখ টিকা। এ নিয়ে দেশে ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা এসেছে।
বার্তা বাজার/নব