কুড়িগ্রাম জেলার চিলমারীতে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি চিলমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী জামিয়া আক্তার(১৪)। সে পাশ্ববর্তী উলিপুর উপজেলার তবকপুর এলাকার জোবাইদুল ইসলামের মেয়ে।
শনিবার (২ অক্টোবর) গভীর রাতে রমনা ইউনিয়নের পানাতি পাড়া টোলোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রমনা ইউনিয়নের পানাতি পাড়া টোলোর মোড় এলাকার আমজাদ আলীর নাতনী জামিয়া আক্তার তার নানা বাড়িতে থেকে পড়াশুনা করতো।
শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে জামিয়া। হঠাৎ গভীর রাতে তার ঘরে শব্দ শুনে রুমে প্রবেশ করে জামিয়াকে ঘরের ধরনায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখতে পায় তার ভাই। পরে তার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজনসহ এলাকাবাসী ছুটে আসেন। পরে খবর পেয়ে রোববার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এসময় ঘরে থাকা মোবাইল ফোন ও একটি ডাইরি আলামত হিসেবে জব্দ করেন করেন বলে জানান নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, জামিয়া খুব ভদ্র মেয়ে ছিল। কিন্তু কেন সে আত্মহত্যা করলো, এটা আমরা ভাবতে পারছিনা। ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবিসহ সত্যিটা জানতে চান তারা।
এবিষয়ে চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘লাশটি গতকাল থেকে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ সেটি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে নানান জনে নানান কথা বলছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সুজন মোহন্ত/বার্তা বাজার/অমি