আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্বতা পেয়েছে। এটা রাতারাতি সম্ভব নয়।
রোববার (৩ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আদালতের আদেশে ২০১১ সালেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদায় নিয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের নিরপেক্ষতার কোন বিষয় নেই। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই।
সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেনসহ আরও অনেকে।
বার্তা বাজার/নব