গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে আ.লীগের শোকজ

আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ।

সোমবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানো চিঠির জবাব দিতে বলা হয়েছে জাহাঙ্গীর আলমকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহাঙ্গীর আলমের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে মেয়র মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ও বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেন।

পরে একটি ভিডিওবার্তায় মেয়রের দাবি, তাকে নিয়ে একটি পক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে ফেসবুকে ভিডিও সুপার এডিট করে প্রচার করেছে। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সিটি এলাকায় বিক্ষোভ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। এছাড়াও তারা মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর