ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫টায় শিক্ষামন্ত্রী দিপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই ঐতিহ্যবাহী রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রী শ্রী যশোমাধবের রথটি কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী লোকজন টেনে মাধববাড়ী থেকে যাত্রাবাড়ি নিয়ে যায়। ৯ দিন পর আগামী ১২ জুলাই যাত্রাবাড়ি থেকে রথটি উল্টোটানের মধ্য দিয়ে মাধববাড়িতে টেনে আনা হবে। আর এর মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। রথযাত্রা উৎসবের সাথে আজ থেকে শুরু হয়েছে রথমেলা। এই রথমেলা চলবে পুরো মাসব্যাপী।

এদিকে, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা আসতে শুরু করে। তাই বাড়তি লোকজনের নিরাপত্তার সাথে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। পুরো ধামরাই জুড়ে গড়ে তোলা হয়েছে তিন-স্তরের নিরাপত্তা বলয়।

প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর