মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ডে দুই আসামি

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহর আদালত ওই দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার। তিনি জানান, রাষ্ট্রপক্ষ তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (২ অক্টোবর) ভোররাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মোহাম্মদ সলিম উল্লাহ ও উখিয়া থেকে শওকত উল্লাহকে আটক করা হয়।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর