কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সাথে কমতে পারে সারাদেশের তাপমাত্রা।

রোববার (৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকায় মেঘলা আকাশের পাশাপাশি রোদ ও বৃষ্টির দেখা যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর