আদালত চত্বরে বোমা হামলা: মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জাবেদ ইকবালের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে বোমা হামলা মামলায় পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জাবেদ ইকবালের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় জাবেদ ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ২০১৬ সালের ১৮ মে তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হ্লা চিং প্রু পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এরপর ২০০৬ সালের ১৬ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হয়। এরই মধ্যে অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানিকে বাদ দেওয়া হয়।

এছাড়া অন্য দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক ও জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ (রোববার) রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর