মধ্যরাত থেকে আগামী ২২ দিন ইলিশ ধরা নিষেধ

আজ রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ। আশ্বিনের পূর্ণিমার শেষ সময়ে সাগর থেকে উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ।

মা ইলিশের এ প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদী থেকে ফিশিংবোট, ট্রলার, নৌকা ও মাছ শিকারের সব সরঞ্জাম নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কঠোর করার দাবি জানান তারা।

উল্লেখিত সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে মাছের উৎপাদন বাড়ায় খুশী জেলেরা।

তবে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নামে বরাদ্দ করা চাল দ্রুত বিতরণ এবং এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে চাঁদপুরের মতলব উত্তরের আলেকজেন্ডার থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার জুড়ে নদীতে ইলিশ ধরা নিষেধ।

নিষেধাজ্ঞার সময়ে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ব্যক্তিগত স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসন।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গণমাধ্যমকে বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন এবারও কঠোর ভূমিকা পালন করবে। যেকোনো মূল্যেই এ অভিযান সফল করতে হবে। এ অভিযান সফল করতে নদীপাড়ের জেলে, জনপ্রতিনিধি এবং সচেতন মানুষকে তৎপর থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা গরিব জেলেদের আটক করতে চাই না। কিন্তু তারা যদি কথা না শুনে তাহলে আমাদের কঠোর হতেই হবে। অভয়াশ্রম চলাকালে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি সপ্তাহে দুইবার কম্বাইন্ড টিম অভিযান করবে। রাতের বেলায় বেশি মাছ শিকার হয়। তাই রাতের বেলায় একটি স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন তারা অভিযান পরিচালনা করতে পারে। সড়ক পথেও একাধিক চেকপোস্ট থাকবে।

অভিযান চলাকালে কোনো নৌকা নদীতে নামতে পারবে না। অধিক গতি বা একের অধিক ইঞ্জিনচালিত নৌকা রিকুইজিশন করে রাখা হবে। সেগুলো নৌ-পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ ব্যবহার করবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর