টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রাতেই ওমান যাচ্ছে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শনিবার (২ অক্টোবর) দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই নমুনা দেয়ার কোনো সুযোগ ছিল না তাদের।
যেহেতু তারা আইপিএলের বায়ো বাবলে আছেন, তাই সরাসরি মাসকাটে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাকিব-ফিজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছে স্কোয়াড।
টাইগারদের করোনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, যেহেতু রোববার ওমানের জন্য দেশ ত্যাগ করবে দল, তাই শনিবার করোনা পরীক্ষা করেছে তারা।
রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের ফ্লাইটে যাবে মাহমুদুল্লাহর দল। সোমবার ওমানে পৌঁছানোর পর এক দিন রুম কোয়ারেন্টাইনে থাকবেন সবাই। ৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু হবে।
এক টানা চার দিনের অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন তারা। ১১ অক্টোবর থেকে পুনরায় অনুশীলন শুরু করবেন টাইগাররা।
বার্তা বাজার/অমি