সাবেক মন্ত্রী ও এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির বর্তমান মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী।
তিনি জানান, এশার নামাজের পর জিয়াউদ্দিন বাবলুর নামাজের জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর ১টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয় জিয়াউদ্দিন বাবলুর মরদেহ। সেখানে হাজারো নেতাকর্মী চোখের জলে বিদায় জানান তাদের নেতাকে। জিয়াদ্দিন বাবলুর স্মরণে ৩ দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পার্টির প্রতিটি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিতা রাখা হবে।
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী জিয়াউদ্দিন বাবলু শনিবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ সংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বার্তা বাজার/এসজে