নরসিংদীতে এক মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে। তাহমিনা বেগম নামে জেলা মহিলা আওয়ামী লীগের ওই সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন প্রথম স্বামী ও পরিবারের লোকজন।
শনিবার (০২ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌরসদরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তাহমিনা বেগমের প্রথম স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী আমার ভাই মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা।
তিনি আরও বলেন, পরে আমার ভাইকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দুই বিয়ের এমন বিব্রতকর অভিযোগের প্রেক্ষিতে মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে।
বার্তা বাজার/এসজে