জেলখানায় চোর-ডাকাতদের সাথে দেশের ভিন্নমতের রাজনীতিবিদদের রাখা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এটাকে তিনি নিপীড়ন বলে উল্লেখ করেছেন।
শনিবার (০২ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাবেক ডাকসু ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রচিত ‘কারাগারে বাইশ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক প্রকাশ।
রিজভী বলেন, দেশের কারাগারে জীবন ও সেখানকার নিত্যদিনের ঘটনাগুলো মান্নার বইয়ে তুলে ধরা হয়েছে। কিংবদন্তি ছাত্রনেতা হিসেবে ডাকসুর সাবেক ভিপি মান্নার লেখা বইটিতে নানা ঘটনার সমাহার ঘটেছে। আজকে দেশে গণতন্ত্রের যে সংকট, সেই সংকটে মান্নার যে ভূমিকা রাখতেন- সেই ভূমিকা দমন করতেই মান্নাকে আটক করা হয়েছিল। যা সাংঘাতিক নিপীড়ন। জেলখানায় চোর ডাকাতসহ নানা ধরনের লোক আছে। সেখানে আমাদের মতো রাজনীতিবিদদের রাখা হয় তাদের সঙ্গে। এটা কি নিপীড়ন নয়?
তিনি বলেন, বর্তমান সরকার রাজনীতির সব শিষ্টাচার ভঙ্গ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
এসএমএ কবীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, বইয়ের লেখক মাহমুদুর রহমান মান্না, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, শাকিলউজ্জামান প্রমুখ।
বার্তা বাজার/এসজে