আ’লীগ নেতাকে গণপিটুনি, উদ্ধার করলো পুলিশ

সাভারে যাত্রীবাহী বাসে হকিস্টিক দিয়ে হামলা চালানোর সময় ধামরাই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুরের ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

শনিবার (০২ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সোহরাবের হামলায় বাসের চালক ও হেল্পারসহ ৫ যাত্রী আহত হয়।

হামলায় আহতরা হলেন, আব্দুল মালেক, সিদ্দিক ও মহিফুল। অন্যদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে যাত্রী নিয়ে লাব্বাইক পরিবহনের একটি বাস ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে সেখান দিয়ে যাওয়া ইউপি চেয়ারম্যান সোহরাবের ব্যক্তিগত গাড়ির সাথে ঘষা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে নিজের গাড়িতে থাকা হকিস্টিক দিয়ে সোহরাব ওই বাসে হামলা চালায়। এসময় হেল্পার ও চালকরা এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক পেটান তিনি। পাশাপাশি বাসের কয়কেজন যাত্রীও তার হামলার শিকার হয়েছেন।

পরে বাসের অন্য যাত্রীরা ক্ষিপ্ত হয়ে সোহরাবকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। একইসাথে সোহরাবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গণপিটুনির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাশাপাশি ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর