ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেল তিনটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ওই শিশুর নাম আলিফ মোল্যা। সে ওই এলাকার নসিমন চালক মো. এরশাদ মোল্যার ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, শনিবার বেলা তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আলিফ। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে পরিবারের সদস্যদের অজান্তে পাশের বাড়িতে চলে যায়। এ সময় প্রতিবেশী মিরাজ মোল্যার উঠানে জমে থাকা হাঁটু পরিমাণ গভীর বৃষ্টির পানিতে আলিফ পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর আলিফকে পানিতে ডুবে থাকা অবস্থায় পায়। এরপর পরিবারের সদস্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মিয়া রাকিবুল/বাার্ত বাজার/এসবি