বস্তি থেকে আলিশান বাড়িতে মাদকের ব্যবসা, মাদক সম্রাজ্ঞী আটক

পুলিশের চোখ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অভিনব কায়দায় গড়ে তুলেছেন বিলাসবহুল আলিশান বাড়ি। আর তার ভিতরেই চালিয়ে আসছিল মাদকের রমরমা ব্যবসা। এমনকি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাড়ির ভেতরে সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে এই বাড়ির ভিতর।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য জানালেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা।

সংবাদ সম্মেলনে তিনি জানায়, গতকাল শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানাধীন মাহামুদপুর এলাকায় মাসুদ পারভেজের আলিসান বাড়িতে পুলিশের অভিযান পরিচালনা কালে আটক করা হয় তার স্ত্রী বিখ্যাত মাদক সম্রাজ্ঞী রিনা বেগমকে (৩৫)। এ সময় ওই বাড়ি থেকে ১৯৮ পিস ইয়াবাসহ কয়েকটি সিসি ক্যামেরাযুক্ত মনিটর ও বিভিন্ন ইলেট্রিকস ডিভাইস উদ্ধার করে পুলিশ। যে ডিভাইস গুলোর মাধ্যমে পুলিশের উপস্থিতি সর্বদা নজড় রাখার কাজে ব্যাবহার হতো।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরো জানায়, ৭-৮ বছর আগে এই বাড়ির মালিক মাসুদ পারভেজ বস্তিতে বসবাস করত। মাদক ব্যবসা করেই রাতারাতি আলিশান বাড়ি তৈরি করে তার সামনে ১০-১২ ফিট ওয়াল তৈরি করে তার ওপর ৩-৪ ফিট কাটাতাড়ের বেড়া যুক্ত করেই মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ছাড়াও ওই বাড়িতে পাকা পুকুর তৈরি করে বিভিন্ন ধরনের মাছ, কবুতর, বিদেশী কুকুর পালনসহ নানা প্রজাতির বৃক্ষরোপণ করে বিলাস বহুল জীবন যাপনের করে আসছিল মাসুদ পারভেজ দম্পতি।

একই সাথে বাড়ির ভিতরে মাদক সেবন, জুয়ার আড্ডা, ডিজে পার্টি করার জন্য সুসজ্জ্বিত কক্ষও রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য সুরঙ্গ পথেরও সন্ধান পেয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে।

এরআগে বাড়ির মালিক মাসুদ পারভেজের বিরুদ্ধে ৮টি মাদক মামলা ও আটককৃত তার স্ত্রী রিনার বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, মাদক সম্রাজ্ঞী রিনা বেগমকে আটক করা হলেও অভিযানকালে তার স্বামী বাড়িতে ছিলেন না। সেকারণে তার স্বামীকে আটক করা সম্ভব হয়নি। তবে মাসুদ পারভেজকে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর