জ্যামে আটকে গেলো মেধাবী তিথির স্বপ্ন, ছিড়লেন প্রবেশপত্র

ঢাকা বিশ্ববদ্যালয়ে একদিন পড়াশোনা করবেন বলে দু’চোখে স্বপ্ন নিয়ে দিনরাত পড়াশোনা করেছেন গোপালগঞ্জের মেয়ে তিথি রায়। কিন্তু নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছানোয় তাকে প্রবেশই করতে দেননি কর্তৃপক্ষ। এসময় হতাশ তিথি ক্ষোভে ছিড়ে ফেলেন তার প্রবেশ পত্র। ভেঙে পড়েন স্বপ্ন ভাঙার কান্নায়।

শনিবার (০২ অক্টোবর) ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ। এদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা সাড়ে ১২ টায়।

তিথির মা গীতা রায় জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের পর দিনরাত পড়াশোনা করেছে আমার মেয়ে। শনিবার খুব ভোরে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় ভর্তি পরীক্ষা দিতে। কিন্তু বরিশাল নগরীর চৌমাথা ও সাগরদী এলাকায় দুই দফার তীব্র যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছাতে পারেননি তারা। ১১টা ২৫ মিনিটে কেন্দ্রের গেইটে পৌঁছালেও কর্তৃপক্ষ তার মেয়েকে হলে প্রবেশ করতে দেয়নি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, নিয়মানুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা রয়েছে। তিথি রায় নামে একজন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর অনেক পর কেন্দ্রে উপস্থিত হয়। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে জানানো হলে তারা মেয়েটিকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর