মাদকের টাকার জন্য পিতাকে মারধর: ছেলে গ্রেফতার

মাদকের জন্য পিতাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

শনিবার (০২ অক্টোবর) নগরীর কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) নামে এক ছেলেকে পিতাকে মারধরের ঘটনায় গ্রেফতারের কথা জানায় পুলিশ।

পুলিশ জানায়, নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ লেইনের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্টার মোঃ জাফরুল আলম চৌধুরীকে তার ছেলে শুক্রবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার পিতাকে মারধর করে। মারধরের একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে জাফরুল আলম চৌধুরীর ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে পিতাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং শনিবার (২ অক্টোবর) এ ব্যাপারে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ দায়েরের পর পাঁচলাইশ মডেল থানা পুলিশ পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী মাদকের টাকার জন্য পিতাকে মারধরের কথা স্বীকার করেছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর