২ দিনের রিমান্ডে রিং আইডির পরিচালক সাইফুল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাইফুল ইসলামকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে সাইফুল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, শুক্রবার (১ অক্টোবর) গুলশান এলাকা থেকে রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে এক ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির ১০ জন ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- শরিফুল ইসলাম, ইরিন ইসলাম, সালাহউদ্দিন , আহসান হাবিব, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, আব্দুস সামাদ, রেদোয়ান রহমান ও রাহুল।

মামলায় অভিযোগ করা হয়, রিং আইডির আড়ালে একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র কয়েন বিক্রির মাধ্যমে ইলেক্ট্রনিক লেনদেন করে অর্থ সংগ্রহ করতো। মানুষকে সহজ আয়ের পথ হিসেবে রিং আইডিতে বিনিয়োগে প্ররোচিত করেছেন অভিযুক্তরা। পরে ২০১৯ সালে কয়েক ধাপে রিং আইডিতে ৮৬ হাজার টাকা বিনিয়োগ করেন আঁখি বেগম, তার দুই ভাই ও এক ভাগ্নে। আঁখির এক ভাই প্রথমে সেখান থেকে সামান্য কিছু টাকা উত্তোলন করতে পারলেও পরবর্তীতে তারা কোনো লাভ কিংবা বিনিয়োগ করা মূলধন ফেরত পাননি।

কমিউনিটি জবস এর নাম করে তিন মাসে ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ টাকা ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি। তিন মাসে তারা মোট ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর