পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শরৎ মানেই শারদীয় উৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। মন্ডপে মন্ডপে দেবী দুর্গা, লক্ষী, স্বরস্বতী, কার্তিক ও গণেষ প্রতিমা তৈরীতে নির্ঘুম রাত-দিন কাটাচ্ছে মৃৎশিল্পের কারিগররা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রত্যেকটি প্রতিমাকে তৈরী করছেন অসাধারণ রূপে। ক’দিন পরেই দুর্গাপূজা। তাই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এখন সাজ সাজ রব।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলা সদরসহ ভেন্ডাবাড়ী, চৈত্রকোল ও গুর্জিপাড়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি মন্দির প্রাঙ্গণে তৈরী হচ্ছে দুর্গাদেবীর মূর্তি। নিরলসভাবে পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা।

শত ব্যস্ততার মাঝেও কথা হয় বিশলা দেবেন্দ্রনাথ পুজা মন্ডপের কারিগর গোবিন্দ চন্দ্র পালের সঙ্গে। তিনি জানান, প্রতিমা তৈরীর কাজ প্রায়ই শেষ। এখন রং করার কাজ শুরু হবে।

পুরোহিত চন্দন ব্যানার্জি জানান, চলতি বছর সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হবে ষষ্ঠীতে ১১ অক্টোবর। চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। তার মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী।

পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুধীর চন্দ্র রায় জানান, পূজা মন্ডপগুলোতে চলছে শেষ পর্যায়ের কাজ। এ বছর ৯৮টি পূজা মন্ডপে যথাযোগ্য মর্য়াদায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ভেন্ডাবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর সরকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্ডপগুলোতে এখন পর্যন্ত সরকারীভাবে কোন সাহায্য-সহযোগীতা পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, পীরগঞ্জের প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোঃ আনজারুল হক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর