মানুষের মুখে মুখে আ.লীগের পতনের ধ্বনি শোনা যাচ্ছে

মানুষের মুখে মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও বিএনপির উত্থানের ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষের মুখে এখন একটাই আওয়াজ- বোধ হয় আওয়ামী লীগ গেলো, বিএনপি বোধ হয় আসছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তারা সংবিধানবিরোধী কথা বলে। এই সংবিধানকে কাটা-ছেড়া এই সরকার শেষ করে দিয়েছে। তারাই কিনা আবার লম্বা লম্বা কথা বলে।

মির্জা আব্বাস বলেন, সরকার বলছে, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ফিরে যাওয়ার সুযোগ নাই। সহজ ভাষায় এই কথার অর্থ হলো আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ নাই। যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতা থেকে যাবে না।

বিএনপির এই নেতা বলেন, পুলিশ-প্রশাসন দিয়ে বিএনপি ও দেশবাসীকে দমন করে রেখে তারা ক্ষমতায় টিকে থাকবে। পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি এবং স্বৈরাচারকে যেতে বাধ্য করা হয়েছে তারা এই ইতিহাস ভুলে গেছে। আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

তিনি আরও বলেন, আমাদের সভা-সমাবেশ করার অনুমতি দিতে হবে, আমাদের জায়গা দিতে হবে। আমাদের প্রেস ক্লাব, ফুটপাতে জায়গা দেবেন না, সভা-সমাবেশ করতে দেবেন না এটা হবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেনন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংবাদিক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক দিলারা জামান প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর