কমিউনিটি জবস এর নাম করে তিন মাসে ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডি। রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
তিনি বলেন, রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, কমিউনিটি জবসের নামে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ টাকা ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি। তিন মাসে তারা মোট ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
আইনি প্রক্রিয়া চলাকালে রিং আইডি যেন এই টাকা বিদেশে পাচার করতে না পারে সেজন্য ইতোমধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১ অক্টোবর) গুলশান এলাকা থেকে রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাসে এসব তথ্য জানা গেছে।
আজাদ রহমান বলেন, রিং আইডির সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে বেশ কিছুদিন আগে সিআইডির সাইবার পুলিশ সেন্টার থেকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অনুসন্ধানের জন্য একটি চিঠি পাঠানো হয়। বিএফআইইউ ইতোমধ্যে এ বিষয়ে তাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়াও রিং আইডির ইস্যুতে সাইবার পুলিশ সেন্টারে মানিলন্ডারিং বিষয়ে একটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সাইবার পুলিশ সেন্টার রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছে। কমিউনিটি জবসের নামে বিজ্ঞাপন দেখার বিনিময়ে অর্থ উপার্জনের কথা বলে জনগণের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রমাণ পাওয়া গেছে।
রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে এক ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির ১০ জন ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
বার্তা বাজার/নব