মনোনয়নপত্র জমা দিয়েই চেয়ারম্যান হলেন নান্নু

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার পর মনোয়নপত্র জমা দিয়েই নিজেকে চেয়ারম্যান হিসেবে দাবি করে সু-সজ্জিত তোরণ নির্মাণ করেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম নান্নু।

এমন হাস্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে চুলছেড়া বিশ্লেষণ।

কেউ বলছে ভোটের আগেই চেয়ারম্যান হলেন কেমনে?

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে গেলে দেখা যায় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনে একটি তোরণের উপরের অংশে লেখা রয়েছে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম।

আর নিচের দুই অংশে লেখা রয়েছে শুভেচ্ছান্তে মো. রফিকুল ইসলাম নান্নু
চেয়ারম্যান ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

নাম প্রকাশ না শর্তে পাঙ্গাসী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নান্নুকে সবাই বিএসসি মাস্টার বলে চেনে। সে কখনও আওয়ামী লীগ করেনি। তবে জামায়াত ও বিএনপির রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিলো। তার নির্বাচনী পোস্টারে রাজনৈতিক কোন পদবী না থাকলেও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

জানা যায়, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে নিয়োগ বানিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ কামিয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে নান্নু।

এমন কান্ডহীন চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নান্নুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমপির আগমন উপলক্ষে ওই তোরণ আমি লাগিয়েছি এমপি সাহেব এর আগমন উপলক্ষে। তবে চেয়ারম্যান শব্দের পর পদ-প্রার্থী শব্দটি মিস্টেক হয়ে গেছে। এটা আমার ভুল না। কম্পিউটারের ভুল।

অপরদিকে এমন ঘটনায় সাধারণ ভোটারদের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বর্তমান দায়িত্বে থাকা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি বলেন, ওই তোরণ শুক্রবার সকালে পরিষদের প্রধান ফটকের সামনে লাগানোর পর থেকেই আমি বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন কান্ড জ্ঞানহীনতার পরিচয়।

এম এ মালেক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর