রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেফতার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

শনিবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, শুক্রবার গুলশান এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত এক ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রিং আইডির ১০ জন ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সাইফুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

আজাদ রহমান জানান, রিং আইডির কার্যক্রমের সঙ্গে কারা কিভাবে জড়িত ও বিপুল পরিমাণ অর্থ কোথায়, কিভাবে তারা সংরক্ষণ করছেন তা বিস্তারিত জানতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর