নাটোরে একটি চলন্ত ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৮৪৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকচালকও আহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক নাটোর সদরের সুলতানপুর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে।
শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঘটনার সময় চালকের সহকারী (হেলপার) ট্রাকটি চালাচ্ছিলেন।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাটোর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৮৪৪৮) রাজশাহী যাচ্ছিল। পথে নাটোর পিটিআই মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালকের সহকারী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। আহত চালক ইদ্রিস আলীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/অমি