কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়ায় রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২ অক্টোবর) ভোররাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দুইজনকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মো. সেলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।
ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন।
বার্তা বাজার/নব