মিয়ানমার ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা করা হয়: পররাষ্ট্রমন্ত্রী
নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ায় কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। মুহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।
ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন।
আলোচিত এই রোহিঙ্গা নেতা হত্যায় সন্দেহে শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মো. সেলিম (২৭) ওরফে লম্বা সেলিম নামে একজনকে গ্রেফতার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। ওইদিন রাতে আরও দুইজন রোহিঙ্গাকে আটক করে এপিবিএন।
বার্তা বাজার/নব