ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করে পালানোর সময় কথিত ফেসবুক সাংবাদিক পরিচয়দারীসহ দুইজনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পৌর এলাকার রাধানগর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ওরফে পাপ্পু লাইভ, এবং অপর ছিনতাইকারী হলো শান্তিনগর গ্রামের মো. আরু মিয়ার ছেলে আল-আমিন (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার (১ অক্টোবর) বিকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার সন্ধায় উপজেলার খরমপুর শাহ্ সৈয়দ গেছুদারাজ প্রকাশ কেল্লা শহীদ এর মাজার জিয়ারতে আসেন জিয়ারত শেষে শুক্রবার ভোর রাতে ফেরার পথে আখাউড়া বাইপাস এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।
এসময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে জাহিদুলের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে প্রাইভেট কার যোগে পালিয়ে যায়।
এ সময় জাকির হোসেনের সন্দেহ হলে তাৎক্ষণিক টহল পুলিশ ইনচার্জ এএসআই শাহজাহান শেখকে বিষয়টি অবগত করেন।রাত্রিকালীন জরুরী টহল ডিউটিতে নিয়োজিত এসআই মো: ময়নাল হোসেন খান এবং এএসআই জাহাঙ্গীর আলম খান ও তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আখাউড়া পৌর শহরের নারায়নপুর এলাকার নারায়নপুর-তারাগন সড়কের ব্রীজের উপর হতে দুই ছিনতাইকারীকে আটক করে।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত আরও পাঁচটি মোবাইল ফোনসহ একটি প্রাইভেটকার জব্দ করে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা ভূয়া ডিবি পরিচয় দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। তাদের কাছ থেকে আরো ৫টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/অমি