ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা

জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আজ দেশে আসছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের টিকাবহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা শনিবার দেশে পৌঁছাবে। টিকাবহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা, ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা, ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা ও ২৮ আগস্ট পঞ্চম চালানে জাপান থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর