তিনজন ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ২

উৎপল বিশ্বাস, শামিম তালুকদার ও মিঠুন বিশ্বাস। তিনজন ব্যবসায়ী। ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের চুয়াল্লিশের মোড় নামক স্থানে পাশাপাশি তাদের দোকান।

উৎপল বিশ্বাসের স্টুডিও, শামিম তালুকদার ও মিঠুন বিশ্বাসের বস্ত্রালয়ের ব্যবসা। সপ্তাহের ছয়দিন তারা ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকে।

তাই তারা শুক্রবার (১ অক্টোবর) বিকালে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ঘুরতে যায়।

ঘোরা শেষে সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উৎপল বিশ্বাসের (২৬) মৃত্যু হয়।

এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী শামিম তালুকদার (২৮) ও মিঠুন বিশ্বাস (২৭) গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী খবর দিলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত শামিম তালুকদারকে খুলনা সিটি হাসপাতালে ও মিঠুন বিশ্বাসকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।অপরদিকে নিহত উৎপলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত উৎপল আলফাডাঙ্গা পৌর সদরের মালোপাড়া এলাকার বিননাথ বিশ্বাসের ছেলে, আহত মিঠুন বিশ্বাসও একই এলাকার সুশান্ত বিশ্বাসের ছেলে। অপর আহত শামিম তালুকদার পৌরসভার মিঠাপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে।

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক নজির হোসেন বলেন, ‘উৎপল বাজারের একজন সৎ ব্যবসায়ী ছিলো৷ তার মৃত্যুতে বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বার্তা বাজার’কে জানান, ‘আলফাডাঙ্গা সদর বাজারের তিন ব্যবসায়ী গতকাল দোকানপাট সাপ্তাহিক বন্ধ থাকায় ঘুরতে যায়৷ পরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও অপর ২ জন মর্মান্তিক আহত হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর