‘অভিশপ্ত আগস্ট’র ৩৫তম মঞ্চায়ন করলো পুলিশ নাট্যদল
রাজধানীর জাতীয় মহিলা সমিতি থিয়েটারে বাংলাদেশ পুলিশ নাট্যদল মঞ্চস্থ করেছে ভয়াল ১৫ আগস্টের পটভূমিতে রচিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’। শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নাটকটির ৩৫তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার ঘটনার পরিকল্পনা ও দৃশ্যপট নিয়ে নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মো. জাহিদুর রহমান। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এই নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনের দায়িত্ব পালন করেছেন।
নাটকের দৃশ্যপটে ৩২ নাম্বার বাড়ির প্রতিটা মানুষের প্রতি কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের অসীম মমত্ববোধ ফুটে উঠেছে। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষদের সাধারণ জীবনযাপনের চিত্রও।
এছাড়া খুনী খন্দকার মোশতাকের কুটবুদ্ধি, সামরিক অফিসার মেজর ফারুক, রশীদদের ঠান্ডা মাথার পরিকল্পনাও দেখানো হয়েছে নিপুণভাবে। ১৫ আগস্ট কালরাতে বিপথগামী সামরিক অফিসারদের নারকীয় তাণ্ডব স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। মৃত্যুর পূর্বমুহুর্তেও বঙ্গবন্ধুর সাহসী কন্ঠ ও তার পুত্রের অদম্য প্রতিবাদও তুলে ধরা হয়েছে। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতিও।
জানা যায়, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে নাটকটি ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়েছে। নাটকটির সকল চরিত্রেই বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন।
সংশ্লিষ্টরা জানান, শনিবার (০২ অক্টোবর) মহিলা সমিতি থিয়েটারে সন্ধ্যা ৭টায় নাটকটির ৩৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
শফিউল জুয়েল/বার্তা বাজার/এসজে